দেশে জঙ্গিবাদ উত্থানের জন্য সকল শ্রেণী-পেশার মানুষের দায়িত্বে অবহেলাকে দায়ী করেছেন বিশিষ্টজনরা।
বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তারা।
সন্ত্রাস মোকাবেলায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সমাজের সকল স্তরের মানুষকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান বক্তারা বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে এ সবের মূলে একাত্তরের পরাজিত শক্তি রয়েছে।
এদিকে, গুলশানে হামলাকারী জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের অনুসারী এ তথ্য প্রকাশ পাওয়ার পরপরই সবার নজর পড়ে পিস টিভির দিকে। এক পর্যায়ে বন্ধ হয় পিস টিভির সম্প্রচার। আলোচনায় আসে দেশের বিভিন্ন পিস স্কুলও।
সম্প্রতি বরিশালের পিস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদে জামাতের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর পরপরই পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। চাকরি ছেড়েছেন, আরও কয়েকজন শিক্ষক।
এদিকে, পুলিশ জানিয়েছে, প্রতিষ্ঠানটিকে নজরে রাখা হয়েছে। আবুল বাসারের ক্যামেরায় বরিশাল বিভাগীয় প্রতিনিধি সুশান্ত ঘোষের রিপোর্ট।