জঙ্গিদের নতুন একটি গ্রুপ হুজি নামে সংগঠিত হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যাণ্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, তাদের বেশ কিছু সদস্য আফগানিস্তান ও সিরিয়ায় যুদ্ধে অংশ নিয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ। সেসব যুদ্ধে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আর্থিক সাহায্য গ্রহণ করেন তারা। তাদের কাছে ৫১টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার তালিকা পেয়েছে পুলিশ।
তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ২১ জুলাই হুজি ঢাকা মহানগরীর কমাণ্ডার মওলানা নাজিমুদ্দীন শামীমসহ তিন সক্রিয় সদস্যকে বই ও প্রচারপত্রসহ আটক করে। এরপর তাদের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা গুরুত্বপূর্ণ তথ্য দেয় পুলিশকে।
তারই সূত্র ধরে বাংলাবাজারের একটি প্রকাশনিতে অভিযান চালিয়ে ৫ হাজার বই উদ্ধার করে পুলিশ। তবে প্রকাশনির স্বত্ত্বাধীকারী ও হুজির ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সগির বিন ইমদাদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তিনি আরো বলেন, এরা হুজি নামে সংগঠিত হয়ে নতুন একটি গ্রুপ তৈরি করে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা জঙ্গি কর্মকাণ্ডে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তায় দিত।