পুলিশের কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ হয়েছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিরোধী মিছিল। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা কমিটির মিছিলটি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে রাজধানীর শাহবাগে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। আটক করা হয়েছে কয়েকজনকে। ঘেরাও কর্মসূচির আগে জাতীয় কমিটি রামপাল চুক্তি বাতিলের দাবিতে ৭দফা দাবি ঘোষণা করে।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে বৃহষ্পতিবার পূর্বঘোষিত প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা কমিটি।
বিভিন্ন ধরণের ব্যানার ও ফেস্টুন হাতে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন তারা। দ্রুত রামপাল চুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষা করতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি পাঠ করেন কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
এ সময় সুন্দরবন রক্ষায় রামপাল চুক্তি বাতিলে গণভোট দাবি করে পরিবেশ ধ্বংসকারী বিভিন্ন বিদ্যুত প্রকল্পগুলো বাতিলেরও দাবি জানান তিনি।
পরে মিছিলটি মৎস ভবন এলাকায় এলে পুলিশি বাধার মুখে পরে। ব্যারিকেড ভেঙে পরিবাগের কাছে আসলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। আহত হন কয়েকজন। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
এঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।