সন্ত্রাসের বিরোধী যুদ্ধে ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে- আবারো বিষয়টি দৃঢ়তার সঙ্গে জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে যান। এ সময় মোদি তাকে এসব কথা বলেন।
ভারত-বাংলাদেশ নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন দিল্লিতে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ভারত সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বাসভবনে এক সৌজন্য সাক্ষাত করেন। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও জঙ্গি কর্মকাণ্ড দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেন।
মোদি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাড়িয়ে সহযোগিতা করেছে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে একইভাবে বাংলাদেশের পাশে থাকবে তারা।
ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের চতুর্থ বৈঠকে অংশ নিতে বুধবার দিল্লি যান আসাদুজ্জামান খান কামাল।
ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এ বৈঠকে দু'দেশের নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনা মতো বিষয়গুলি গুরুত্ব পাবে।
স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক এবং আইজিপি শহিদুল হক এখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত সফরে রয়েছেন।