সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় জনসচেতনতা গড়তে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে শেষ হলো এবারের জেলা প্রশাসক সম্মেলন। শেষ দিনে ৩টি অধিবেশনে অংশ নেন জেলা প্রশাসকরা।
অধিবেশন শেষে আইনমন্ত্রী বলেন, জঙ্গি সংক্রান্ত মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষ কোনো সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষনিকভাবে আইন মন্ত্রণালয়ের বিশেষ সেলের সহযোগিতা নিতে পারবেন ডিসিরা। আর তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংবিধানের আলোকেই ব্যবস্থা নিতে হবে।
৪ দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন শুক্রবার সকাল থেকে ৩টি অধিবেশনে ৮টি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসকরা।
প্রথমে তথ্য, সংস্কৃতি মন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সভা করেন তারা। এ বৈঠকের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, উন্নয়ন আর সুশাসনের ক্ষেত্রে সংবিধানের নির্দেশিত পথেই এগুতে হবে।
পরে মৎস ও প্রানিসম্পদ এবং নৌ পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সবশেষ ধর্ম, আইন ও সমাজকল্যাণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন জেলাপ্রশাসকরা।
সভাশেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মন্ত্রণালয়ের অধীনে জঙ্গিদের মামলা দেখভালের জন্য একটি সেল করা হবে।
তিনি আরো বলেন, অ্যাটর্নি সার্ভিস গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে তার আগে ৩০%, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার প্রসিকিউশন করার বিষয়টি চিন্তা করা হচ্ছে।
পরে জেলা প্রশাসক সম্মেলনের বিস্তারিত তুলে ধরে দুপুরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, এবারের সম্মেলনে মোট ১৮টি অধিবেশনে ২৮৮টি বিষয় উপস্থাপন করা হয়েছে।