রাজধানীর কল্যাণপুরে নিহত জঙ্গিদের মধ্যে একজন বাংলাদেশি-বংশোদ্ভূত মার্কিন নাগরিক সেজাদ রউফ ওরফে অর্ক ছিলেন অস্ত্র ব্যবসায়ী। নিউ ভিক্টর লিমিটেড (এনভিএল) নামে অস্ত্র সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন তিনি।
এ প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রতিরক্ষা সরঞ্জামাদি সরবরাহের স্থানীয় এজেন্ট হিসাবে কাজ করে।
১৯৭৭ সাল থেকে বাংলাদেশে প্রতিরক্ষা সরঞ্জামাদি সরবরাহের স্থানীয় এজেন্ট হিসাবে কাজ করে আসছে এনভিএল নামের এ অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান।
উইকিলিকসের ফাঁস করা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের গোপন নথি ৮ সেপ্টেম্বর ২০০৯ অনুযায়ী, বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রউফ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।
ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রউফ ছিলেন পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সময়ে সেনা গোয়েন্দা সংস্থার প্রধান। তার গড়া প্রতিষ্ঠানই পরবর্তীতে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাবের কাছে প্রতিরক্ষা সরঞ্জামাদি সরবরাহ করেছে।
উইকিলিকস বলছে, ডিরেক্টর জেনারেল অব ডিফেন্স পারচেজ এর মাধ্যমে তারা বাংলাদেশ সরকারকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতো।
এদিকে, অর্কের জীবন-বৃত্তান্ত অনুযায়ী এ ব্যবসার ক্ষেত্রে এটি বাংলাদেশে সবচেয়ে পুরনো কোম্পানি। এ কোম্পানিটি বর্তমান ও ভবিষ্যতের লেনদেনগুলো কিভাবে করছে তা তদারকি করতো অর্ক।
তবে উইকিলিকসে প্রকাশিত তথ্য অনুয়ায়ী, আমদানি-রপ্তানি কর্তৃপক্ষ দাবি করছে যে এ কোম্পানি প্রতিরক্ষা যন্ত্রাদি পরিবহনে যথাযথ অনুমোদিত প্রতিষ্ঠান নয়। এমনকি কোনো বেসরকারি সংস্থারই এ অনুমোদন নেই।
আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাস করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিষয়ে পড়াশোনা শেষ করে অর্ক।
এরপর দাদার প্রতিষ্ঠান এনভিএল-এ পরিচালক হিসাবে যোগ দেন। ১৯৮৮ সাল থেকে তার বাবা তৌহিদ রউফ এনভিএল এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাজ করছেন।
বাংলাদেশে জন্ম হলেও অর্কের জীবনের বেশিরভাগ সময় কেটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ও ক্যালিফোর্নিয়ায়।
গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় হামলাকারী নিহত নিবরাসের ঘনিষ্ট বন্ধু ছিলেন সেজাদ রউফ ওরফে অর্ক।
গত মঙ্গলবার রাত ভোর রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোরে ‘অপারেশন স্টর্ম ২৬’ চালায় আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথদল। এ অভিযানে নিহত হয় ৯ জঙ্গি।
পরে বিকেলে জঙ্গিদের মরদেহ ময়নাতদন্ত করতে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই ময়নাতদন্তও করা হয় ৯ জনের।