পল্লী বিদ্যুতের সংযোগ সেবায় এখনও প্রায় ৭০% ক্ষেত্রেই দুর্নীতি হয়—উল্লেখ করে বিপিওর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিতে পারলে দুর্নীতি দূর করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শুক্রবার সকালে রাজধানীতে বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের (বিপিও) আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
দেশে আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্তের সংখ্যা মাত্র ২৫ হাজার— উল্লেখ করে বিপু বলেন, বর্তমান বিশ্বে আউট সোর্সিংয়ের মাধ্যমে সরকারি-বেসরকারি অনেক কাজই হয়ে থাকে। এ ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেকটাই পিছিয়ে।
তিনি বলেন, ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিপিওতে বাংলাদেশ খুব বেশি এগুতে পারেনি। বিপিও জনপ্রিয় করতে পারলে দেশে দুর্নীতি অনেক কমে যাবে। বিশেষ করে তার নিজের মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে বিপিও খুব ফলপ্রসু হবে।
সেমিনারে জানানো হয় তথ্য-প্রযুক্তি ভিত্তিক এ ব্যবসার প্রসারে সরকার এরইমধ্যে নানা উদ্যোগ নিয়েছে।