স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসচেতনতা বৃদ্ধির অভাবে ইউনিয়ন পরিষদ রাজস্ব আদায়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে।
শনিবার সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়, মোট রাজস্ব আদায়ের ২ শতাংশ আসে এই পর্যায় থেকে এছাড়া কাজ করার সুযোগ কম থাকায় ইউনিয়ন পর্যায় থেকে নারীদের প্রতিনিধিত্বও কমে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।
এক্ষেত্রে স্থানীয় সরকার শক্তিশালী করে ইউনিয়ন পরিষদে জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ করা হয়।
দেশের রাজশাহী ও খুলনা অঞ্চলের ৪ ইউনিয়ন পরিষদে ২৮২ জনের মধ্যে গবেষণা চালায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট।
রিসার্স ফেলো ড. শাহনেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদে নারীর প্রতিনিধিত্ব ও রাজস্ব আদায় এবং উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তরের জবাবদিহিতা বিষয়ে আলাদা তিনটি গবেষণায় দেখা গেছে, দুর্নীতি, জবাবদিহিতা, সক্ষমতার অভাবে ইউনিয়ন পরিষদ থেকে কম রাজস্ব আদায় হয়।
আর উন্নয়ন কাজে সুযোগ কম থাকায় ইউনিয়ন পরিষদে নারীদের প্রতিনিধিত্ব কমে যাচ্ছে— সংখ্যার দিক থেকে রাজনীতিতে অংশগ্রহণ বাড়লেও প্রতিনিধিত্বের জায়গা সংকুচিত হচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে বলে জানান বিআইজিডি গবেষক সিমিন মাহমুদ।
এদিকে, উপজেলা পরিষদেও জবাবদিহিতার অভাব থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে তুলে ধরা হয় প্রতিবেদনে।
সংক্ষিপ্ত এ গবেষণার বিস্তারিত তুলে ধরে বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে, সরকারের সেবা থেকে যেমন জনগণ উপেক্ষিত হবে তেমনি সরকারও রাজস্ব আদায় থেকে বঞ্চিত হবে।