শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। ১৯৭৫ এ মাসেরই ১৫ তারিখে কতিপয় বিপথগামী সেনা সদস্য সপরিবারে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এরপর থেকেই আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
সোমবার প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মাথায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, রাজনৈতিক কুচক্রীর যোগসাঁজসে, সেনাবাহিনীতে ঘাপটি মেরে থাকা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী হত্যা করে জাতির অবিসংবাদিত নেতাকে।
নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্যকে। বাংলাদেশে নেমে আসে এক বিভীষিকা, শুরু হয় এক অ-সাংবিধানিক স্বৈরশাসন।
১৫ আগস্টের বিভীষিকাময় দিনটি স্মরণে এবারও মাসব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।