আগামী ১৬ আগস্টের পর মোবাইল অপারেটর সিটিসেল বন্ধ করার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
প্রায় ৫০০ কোটি টাকা বকেয়া পরিশোধ না করায়, দেশের সবচেয়ে পুরোনো এ মোবাইল অপারেটরের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়ার কথা ভাবছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
করুন দশা দেশের সবচেয়ে পুরোনো মোবাইলফোন অপারেটর সিটিসেলের। সরকারের কাছে বকেয়া পরিশোধ না করায়, প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ার কথা ভাবছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
রোববার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
বিটিআরসির হিসেবে, তরঙ্গ বরাদ্দ ও নবায়ন ফি, বার্ষিক লাইসেন্স ফি, আয় শেয়ারিং, সিএসআর তহবিল, মূসক এবং বিলম্ব ফি মিলিয়ে সরকারের কাছে সিটিসেলের বকেয়া জমেছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।
চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলে গ্রাহকদের বিকল্প সেবা নেয়ার পরামর্শও দিয়ে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বিষয়টি মিটমাটের জন্য এরইমধ্যে সিটিসেল বিটিআরসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরো বলেন, বিষয়টি মিটমাটের সুযোগ এখনো রয়েছে আর বিজ্ঞপ্তি প্রকাশের পর সিটিসেল থেকে বিটিআরসির কাছে যোগযোগও করা হয়েছে। তাই চুড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো কিছুদিন সময় লাগবে।
এদিকে, বর্তমানে সিটিসেলের গ্রাহক সংখ্যা ৭ লাখের ওপরে। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্ত হলে, গ্রাহকদের বিকল্প অপারেটরের সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে বিটিআরসি।
তবে গ্রাহক ভোগান্তির কোনো দায় নেবে না রাষ্ট্রীয় এ সংস্থাটি। এ বিষয়ে সিটিসেলের সঙ্গে যোগযোগ করা হলে, প্রতিষ্ঠানটির কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজী হননি।