সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সরকারকে শিগগিরই জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা—বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে রাজনীতি পুনর্গঠনের পরামর্শও দিয়েছেন অনেকে।
মঙ্গলবার রাজধানীতে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তারা।
তারা বলেন, জামাতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার না করে দ্রুত এ সংগঠনটিকে নিষিদ্ধ করা প্রয়োজন।
'দেশের বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপট'- শীর্ষক জাতীয় প্রেসক্লাবে এক মত বিনিময় সভার আয়োজন করে কৃষক শ্রমিক জনতা লীগ। অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐক্য ছাড়া সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করা সম্ভব নয় বলে মত দেন বক্তারা।
সরকারি দলীয় ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেন তারা— রাজনৈতিক সংস্কারের কথাও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ এবং কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে জন্য সরকারকে জাতীয় কনভেনশন ডাকার আহ্বান জানিয়ে –দলমত নির্বিশেষে জঙ্গিবাদ দমনে এগিয়ে আসার কথাও বলেন রাজনৈতিক নেতা আসম রব ও বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রাজনৈতিক স্বার্থে জামাতকে ব্যবহার না করে সন্ত্রাস-জঙ্গিবাদের মূলোৎপাটনে সহনশীল রাজনীতি প্রতিষ্ঠার কথাও বলেন অনেকে।