যারা নিরীহ মানুষ হত্যা করছে তারা ইসলামের জন্য ভালো কিছু করছে না বরং এসব করে অন্যের কাছে ইসলাম সম্পর্কে ভীতির সৃষ্টি করা হচ্ছে— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর উত্তরার আশকোনায় ‘হজ কার্যক্রম-২০১৬’ এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় প্রশ্ন রাখেন, কার স্বার্থে হেয় প্রতিপন্ন করা হচ্ছে শান্তির এ ধর্মকে? যারা এসব করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, যে ধর্ম সহনশীলতা, সকল ধর্মের অধিকারের কথা বলে, সে শান্তির ধর্ম ইসলামকে কার স্বার্থে হেয় প্রতিপন্ন করা হচ্ছে?
সন্ত্রাস-জঙ্গিবাদের পথে যেন সন্তানরা না যায় সেজন্য অভিভাবকদের সজাগ থাকতেও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দেশ ও জনগণের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে হজ্জযাত্রীদের সঙ্গে কথা বলেন। ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৪টি ফ্লাইটে হজ্বযাত্রীরা সৌদি আর যাবেন। ফিরতি ফ্লাইট আসা শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে।
এদিকে, এ বছর সরকারিভাবে ৫ হাজার ২০০ জন, আর বেসরকারিভাবে ৯৬ হাজার ৫৫৮ জনসহ মোট এক লাখ ৭৫৮ হজ্জ পালনের জন্য সৌদি আরব যাবেন। প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে বৃহস্পতিবার।
হজ্জ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখনই সরকার গঠন করেছে তখনই হজ্ব ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ। এশিয়ার মধ্যে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রশংসা অর্জন করেছে।