পঁচাত্তর পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরা ক্লাবে ‘রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা’ শীর্ষক আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধু হত্যার পরই বাংলাদেশ তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। যার ফলাফলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে।
এ সময় দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, এ শিক্ষা ব্যবস্থায় জিপিএ-৫ পাওয়া যায় তবে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার যোগান থাকে না।
শিক্ষা ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের পাশাপাশি অংশ নেন চীন ও জাপানের শিক্ষাবিদরা।
জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাছাহিকো টাগাওয়া বলেন, গুলশান হামলার পর জাপানিরা এখন বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে। তবে বাংলাদেশে এসে পুরোপুরি নিরাপদ বোধ করছেন তিনি।
বাংলাদেশ এখন বিদেশিদের জন্য নিরাপদ— দেশে ফিরে জাপানিদের এ বার্তা দিতে চান, হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।
এছাড়াও মূল বিষয়ের উপর আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রসঙ্গও।