বাসা-বাড়িতে নতুন করে আর গ্যাস সংযোগ না দেয়া হবে না— বলে জানিয়েছেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিপু বলেন, ধীরে ধীরে গ্যাসের সংকট বাড়ছে— উৎপাদন কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না। তাই নতুন করে গৃহস্থালিতে নয় বরং শুধু শিল্প ও বাণিজ্যের জন্য গ্যাস সংযোগ দেয়া হবে। তবে এলপি গ্যাসের দাম সহনীয় করা হবে।
তিনি আরো বলেন, বিদ্যুতের পাশাপাশি গ্যাসের দাম সমন্বয় করা হবে এ খাত থেকে ভর্তুকি তুলে নেয়ার উদ্দেশ্যেই।
দেশের ৬টি গ্যাস বিতরণ কোম্পানির পরিস্থিতির তথ্য অনুযায়ী, সবখানেই গ্যাসের সংকট রয়েছে— বিতরণ কোম্পানিগুলো বিদ্যুৎ এবং সার উৎপাদনকে সব থেকে বেশি প্রাধান্য দিলেও চাহিদার পুরোটা সরবরাহ করতে পারে না বছরের কোনো সময়ে।
তাই অতীতে বিভিন্ন সময়ে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে ঘাটতির কারণেই গৃহস্থালির নতুন সংযোগ বন্ধ করা হয়েছে। তবে এবার স্থায়ীভাবে সংযোগ বন্ধের কথা ভাবছে সরকার।