আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে বাংলাদেশের অবকাঠামো খাতে প্রায় এক হাজার কোটি টাকা অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফ্যান বৈঠক করে এ কথা জানান।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, কোন কোন খাতে সহযোগিতা দরকার তা চিহ্নিত করে এ সংক্রান্ত প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
তোফায়েল আহমেদ বলেন, যে বিশ্বব্যাংক পদ্মাসেতুতে বিনিয়োগ বন্ধ করে দিয়েছিল, সে প্রতিষ্ঠানই আবার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে, এ থেকেই প্রমাণ হয়, কোনো কিছুই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে মুখ ফিরিয়ে নিলেও বাংলাদেশে আবারো বড় বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশ, ভূটান, ভারত এবং নেপাল এই চারদেশীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় এক হাজার কোটি টাকা অর্থ সহায়তা দেবে এই সংস্থা।
বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী উল্লেখ করে কান্ট্রি ডিরেক্টর বলেন, আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে অংশীদার হতে চায় বিশ্বব্যাংক।