বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে সৌদি আরব।
বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত ছয় বছর ধরে চলে আসা এ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ থেকে যারা কাজ নিয়ে সৌদি আরবে আসতে চান, তাদের জন্য এটি দারুণ সুখবর।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন কৃষি ও আবাসন খাতের দক্ষ, অদক্ষ শ্রমিকদের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের মত পেশাজীবীদেরও সৌদি আরবে কাজ পাওয়ার সুযোগ তৈরি হল।
সৌদি কর্তৃপক্ষ সবসময়ই বাংলাদেশের পাশে বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছে মন্তব্য করে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের সময় বাদশা সালমানের সঙ্গে তার বৈঠকেই জনশক্তি রপ্তানি বাধা অপসারণের পথ তৈরি হয়।
আরব নিউজ জানিয়েছে, বর্তমানে ১৩ লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ৬০ হাজার নারী কাজ করছেন গৃহকর্মী হিসেবে।