বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মরদেহ কলকাতা থেকে শনিবার ঢাকায় আনার পর নাটোরে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।
শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, জেটএয়ারওয়েজের বিমানে তার মরদেহ আসবে।
পটলের তার স্ত্রী কামরুন্নাহারের বলেন, প্রথম জানাজা শনিবার বাদ জোহর রামপুরার বনশ্রী জামে মসজিদে, দ্বিতীয় জানাজা বিকেল ৩টায় নয়া পল্টনে দলীয়কার্যালয়ের সামনে এবং তৃতীয় জানাজা বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এরপর তার মরদেহ সড়ক পথে নাটোরে নিয়ে শহরে ও তার নিজ গ্রাম গৌরীপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বৃহস্পতিবার রাত ৯টায় কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুর রহমান পটল। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বিএনপির গত ও নতুন কমিটিতে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীতে স্থান পাওয়া সাবেক চারদলীয় জোট সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল বেশ কিছু দিন ধরে কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন।
ছাত্রলীগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি হয়েছিলেন পটল। পরে বিএনপিতে যোগ দিয়ে নাটোর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পটলের বাড়ি লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।