দেশের ক্রান্তিকালেও পিছপা হয়নি বিচার বিভাগ— ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
১৫ আগস্ট উপলক্ষে সোমবার সকালে সুপ্রিম কোর্ট চত্বরে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনেক রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছে আদালত— উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ কোনো দিন পিছপা হননি— রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে বিচার বিভাগ এগিয়ে এসেছে। যেখানেই অন্যায় দেখেছে সেখানেই হস্তক্ষেপ করা হয়েছে।
তিনি আরো বলেন, রাষ্ট্রের ৩টি অঙ্গের মধ্যে সব সময় বিচার বিভাগকে হেয় করা হয়। এটাকে রাষ্ট্রের অঙ্গ হিসেবে অনেকে স্বীকৃতি দিতেও পিছপা হচ্ছেন। এর আগে কোনো দিন এ কথা প্রকাশ করা হয়নি।
বঙ্গবন্ধু খুনের পর তখনকার বিচার বিভাগের সমালোচনা করা হলেও সিনিয়র বিচারপতিরা পিছপা হননি বলেও জানান সুরেন্দ্র কুমার সিনহা।
তিনি বলেন, বিচার বিভাগ কেবল বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি বরং জেলহত্যা মামলার বিচারও করেছে। অষ্টম সংশোধনী ও পঞ্চম সংশোধনী বাতিল করে ত্রয়োদশ সংশোধনী রায় দেয়া হয়েছে। আর ষোড়শ সংশোধনীর বিষয়টি বিচারাধীন তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত হবে না।