বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থাকলেই নির্মূল হবে জঙ্গিবাদ—বললেন বিশিষ্টজনেরা। সামাজিক- সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব আর রাজনীতিবিদদের আহ্বান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা আরো বলেন, ৭১-৭৫ আর আজকের খুনিরা এক ও অভিন্ন।
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জনস্রোত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কজুড়ে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তা উন্মুক্ত করে দেয়া হয় সকলের জন্য।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন। ফুলে ফুলে ভরে ওঠে জনকের প্রতিকৃতি।
সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন, দেশ থেকে সাম্প্রদায়িক রাজনীতি দূর করতে বঙ্গবন্ধুর আর্দশই একমাত্র পথ।
যতোই বেলা বেড়েছে ৩২ নম্বর সড়কে ততই বেড়েছে মানুষের ঢল। শিক্ষাবিদরা বলছেন, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের চেতনাই শেষ কথা।
জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচিও পালিত হয়েছে ৩২ নম্বরে। তেমনি একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার দাবি জানান।