যারা এদেশের স্বাধীনতা চায়নি-মুক্তিযুদ্ধে বিজয় চায়নি তাদের চক্রান্তেই ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল ঘাতকেরা উল্লেখ করে শেখ হাসিনা দেশ ও দেশের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্যদিয়েই পিতার আত্মার শান্তি চান।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা হয়। বলেন, বাঙালি জাতির আদর্শ ধ্বংস করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।
৭৫ পরবর্তী সময়ে ক্ষমতায় এসে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, এরশাদ খালেদা জিয়াও খুনিদের সম্মানিত করেছেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আঘাত দেওয়ার জন্য জন্মদিন পালন করেন খালেদা জয়া। রাজনৈতিক উদারতা নয়, বরং এ মাসে ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী হওয়ায় এবার খালেদা জিয়া জন্মদিন পালন করেননি।