জঙ্গিবাদ নির্মূলে দেশকে অবশ্যই ‘৭২ এর সংবিধানে ফিরতে হবে— সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর দর্শনকে। সেইসঙ্গে নিষিদ্ধ করতে হবে ধর্মভিত্তিক রাজনীতি।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘জঙ্গি মৌলবাদী সন্ত্রাস: নিয়ন্ত্রণ বনাম নির্মূল’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সকলের সর্বাত্মক চেষ্টায় দেশ থেকে জঙ্গিবাদকে নির্মূল করতে হবে বলে জানান বক্তারা।
সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়— উল্লেখ করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, দেশে জঙ্গি সন্ত্রাসবাদের মূলে একাত্তরের পরাজিত শক্তিরাই রয়েছে।
সংবিধানের দ্বৈত নীতি জঙ্গীবাদ নির্মূলে বড় অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদ নির্মূলে শিগগিরই সিটি ইউনিট করা হচ্ছে। বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকর বাধাগ্রস্থ করতে এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই ভিন্ন ভিন্ন নামে জঙ্গি হামলা চালাচ্ছে জামাত শিবির।