বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল হজ এজেন্টদের বুধবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মধ্যে বিমানে তাদের আসন নিশ্চিত-পূর্বক প্রয়োজনীয় টিকেট সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী স্বল্পতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ পর্যন্ত মোট ১০টি হজ-ফ্লাইট বাতিল করেছে। বাতিলকৃত ফ্লাইটের কারণে বিমানের হজযাত্রী পরিবহনে ৫ হাজার আসনের ক্যাপাসিটি খোয়া গিয়েছে। গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া হজ- ফ্লাইটের পরিচালন কার্যক্রমের আওতায় এ পর্যন্ত বাতিলকৃত ফ্লাইটের কারণে আর্থিক ও মারাত্মক যাত্রী সংকটের মুখোমুখি হয়েছে বিমান।
উপর্যুপরি ফ্লাইটের বাতিল ও যাত্রী সংকটের বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
এ অবস্থা উত্তরণে বা পরিস্থিতির আরও অবনতি রোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল হজ এজেন্টদের বুধবার থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিমানে তাদের আসন নিশ্চিত-পূর্বক প্রয়োজনীয় টিকেট সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছে।