সাংবাদিকরা নিরপেক্ষ হয়ে কাজ করবে তবে প্রয়োজনে শুধু রাষ্ট্রের হয়ে পক্ষেই কাজ করতে হবে সেক্ষেত্রে নিরপেক্ষ হয়ে কাজ করার কোনো সুযোগ নেই- এমন মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধনে এ মন্তব্য করেন তারা।
এ সময় দৈনিক যুগান্তের সম্পাদক বলেন, যারা ইসলামের নামে সহিংসতা করছে তারা মূলত ইসলামকেই অপমান করছে।
দেশের চলমান সংকট নিরসনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে— এটি নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।
জঙ্গিবাদ রুখতে সাংস্কৃতিক প্রতিরোধেরও তাগিদ দেন সাংবাদিক নেতারা।
এদিকে, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করে প্রেসক্লাবের সদস্যরা। নগরীর আলুপট্টি মোড়ে জঙ্গিবিরোধী মানববন্ধন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।
ময়মনসিংহ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
নেত্রকোণা প্রেসক্লাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করা হয়।
এছাড়া খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, যশোরসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও সমাবেশ করে সাংবাদিক সংগঠনগুলো।
এসব কর্মসূচিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান স্থানীয় সাংবাদিক নেতারা। জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে রাজবাড়িতে বর্ধিত সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।