২১ আগস্টে হামলার পর ওইসময়ের পুলিশ হামলাকারীদের নির্বিঘ্নে সরে যেতে সহায়তা করেছিল এবং আলামত নষ্ট করা হয়—এ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, গ্রেনেড হামলার আগে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যই প্রমাণ হয়েছে এর পেছনে ষড়যন্ত্রকারী কারা।
রোববার ২১ আগস্ট গ্রেনেড হামলার বর্ষপূর্তিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
এসময় জঙ্গি লালনকারী, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করে তাদের স্থান যেন এদেশের মাটিতে না হয় সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা ওইদিনের ঘটনার বর্ণনা তুলে ধরে বলেন, প্রকাশ্য দিবালোকে এভাবে গ্রেনেড মেরে মানুষ হত্যা করা পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন ঘটনা।
এ ঘটনার আলামত নষ্ট করে, পুলিশ হামলাকারীদের সরে যেতে সহায়তা করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
বিগত ২০০৪ সালের ২১ আগস্ট ঘটনার আগে ওইসময় বিএনপি নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে দলের সভানেত্রী বলেন, যারা জাতির পিতার খুনিদের প্রতিষ্ঠিত করেছে তারাই এ ষড়যন্ত্রে জড়িত।
জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
এদিকে, একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ১৪ দলের পক্ষ থেকেও নিহতদের শ্রদ্ধা জানানো হয়।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে চলে যাওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।