বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না- এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে দলে স্বাধীনতা বিরোধীরা থাকে সেই দল জনগণের শান্তি আনতে পারবে না।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৯৬ জন দুঃস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় হতাহত সাংবাদিক পরিবারের সদস্যদের হাতে ১ কোটি ৪০ লাখ টাকার অনুদানের চেক তুলে দিয়ে এ কথা বলেন তিনি।
বিএনপির নতুন কমিটিতে একাত্তরের যুদ্ধাপরাধীদের সন্তানদের থাকার প্রসঙ্গ তুলেন শেখ হাসিনা।
এসময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রী ও তারেক রহমান জড়িত বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মামলার অনেক আলামত নষ্ট করেছে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার।
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আরো সোচ্চার হতে সাংবাদিকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বতর্মান সরকারের আমলে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে— শুধু দোষারোপ না করে সরকারের গঠনমূলক সমালোচনার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির নতুন কমিটিতে যুদ্ধাপরাধীর সন্তানসহ কারা স্থান পেয়েছে সে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যতো ষড়যন্ত্রই হোক যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এজন্য সবার সহযোগিতা দরকার।