আগামী সোমবার ঢাকা সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি— ওই সময় তার সঙ্গে সাম্প্রতিক সব বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
বুধবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এছাড়াও সেমিনারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতি বড় বাধা বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অন্যদিকে বিশ্বজুড়ে সন্ত্রাস জঙ্গিবাদী হামলার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। প্রথমবারের মতো কেরির ঢাকা সফরকে সরকারও গুরুত্ব দিয়ে দেখছে।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আন্তর্জাতিক সাম্প্রতিক নানা বিষয় নিয়েও আলোচনা হবে তার সঙ্গে।
এর আগে বিআইআইএসএস আয়োজিত ‘বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নীতিগত উপায়’ শীর্ষক এক সেমিনারে এএইচ মাহমুদ আলী বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদ এবং দুর্নীতি এসডিজি বাস্তবায়নের বড় বাধা।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে এরইমধ্যে অভ্যন্তরীণ কমিটি গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে এবং কাজ চলছে তবে তার গতি অনেক ধীর। কারণ এ বিষয়ে মন্ত্রণালয়গুলোর মধ্যে এখনো সমন্বয় গড়ে ওঠেনি। সন্ত্রাস-জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা হলেও বাংলাদেশ এর থেকে আলাদা নয়। আশা করছি এসব মোকাবেলা করে লক্ষ্য পৌঁছানো যাবে।’
এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের উপায় তুলে ধরেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান।
তিনি আরো বলেন, ‘এসডিজি বাস্তবায়নে বাংলাদেশকে আগে লক্ষ্য ঠিক করতে হবে— যেসব বিষয়ে এখনও পিছিয়ে রয়েছে সেসব বিষয় চিহ্নিত করতে হবে। দুর্নীতি দূর করতে হবে এবং উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি দাতাদের অর্থ যথাযথ কাজে লাগাতে হবে।’
জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরে বক্তারা এসডিজি বাস্তবায়নে এখনই উদ্যোগী হওয়ার তাগিদ দেন।