গুলশান ও শোলাকিয়ায় হামলার পেছনে রাজনৈতিক মদদ ছিল— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ মহানগর উত্তর আয়োজিত ‘টার্গেট আগস্ট; ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ শীর্ষক জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত যাদের মদদে জঙ্গিবাদের উত্থান হয়েছে এখন তাদেরই মদদে দেশে জঙ্গি হামলা হচ্ছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় জঙ্গি ছাড়াও রাজনৈতিক মদদ রয়েছে। যারা অতীতে জামাত-শিবিরে ছিল এবং যারা বাগমারায় বাংলা ভাইকে প্রশ্রয় দিয়েছিল এখন তাদেরই মদদে এ হামলা হয়েছে।
গুলশান হামলায় কারা মদদ দিয়েছে তা এখন গোয়েন্দাদের কাছে স্পষ্ট— উল্লেখ করে তিনি আরো বলেন, গুলশান হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের (মূল হোতাদের) চিহ্নিত করা হয়েছে— তাদের গ্রেপ্তারে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর একান্ত বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
আর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান।