নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘অপারেশন হিটস্ট্রং-২৭’ রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরীসহ ৩ নব্য জঙ্গি নিহত হয়েছে— নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অভিযান শুরুর আগে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও জঙ্গিরা সাড়া দেয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘প্রমাণ আছে এখানে মাস্টারমাইন্ড তামিম এখানে নিহত হয়েছেন এবং তার সঙ্গে দুজন সহযোগীও নিহত হয়েছেন তাদের পরিচয় পরে জানানো হবে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি তামিম চৌধুরীর পর্ব এখানে শেষ হয়েছে এবং বাকি যেসব জঙ্গি রয়েছে তাদের খুব শিগগিরই ধরতে পারবো।’
মন্ত্রী বলেন, ‘আমরা হুজুকে চলি না, তদন্তভিত্তিক কাজ করে থাকি, যেটা বাস্তব সেটা নিয়ে কাজ করে থাকি—তারা সংখ্যায় অনেক কম। তারা জনগণ বিচ্ছিন্ন, আমাদের জনগণ তাদের আশ্রয় প্রশ্রয় দেয় না, কাজেই আমরা মনে করি এরা যেকজন আছে আমরা তাদের ধরে ফেলতে পারবো।’
তাদের তথ্য না নিয়ে মেরে ফেলা হলো তাতে তথ্য আদান প্রদানে কোনো সমস্যা হবে কিনা –এ ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এরা জীবিত অবস্থায় তথ্য দিবে কিনা সেগুলো ব্যাপার নয়। গোয়েন্দা কাজ করছে, তাদের কাছে সঠিক তথ্য রয়েছে।’
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শেষে, ওই আস্তানায় পুলিশের গুলিতে ‘নব্যক জেএমবি’র প্রধান গুলশান হামলার ‘হোতা’ তামিম আহমেদ চৌধুরীসহ ৩ জন নিহত হওয়ার ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তাদের সারেন্ডার করতে বলা হয়েছিল—কিন্তু তাতে সাড়া না দিয়ে গ্রেনেড এবং গুলির মাধ্যমে তারা তাদের আত্মপ্রকাশ করেছিল পুলিশ এবং সোয়াট বাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়ে পরে ফায়ার ওপেন করে।
এ সময় পুলিশ প্রধান একেএম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিরা আক্রমণাত্মক ছিল– আমি তাদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছিলাম। তাদের বলা হয়েছিল, তারা যেন হাত উঁচু করে দরজা খুলে বেরিয়ে আসে। অর্থাৎ তাদেরকে স্যা রেন্ডার করার সুযোগ দেয়া হয়েছিল। সেই সুযোগ তারা গ্রহণ না করে পুলিশের দিকে ৪-৫টি গ্রেনেড ছোড়ে ও গুলি চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে অ্যাকশনে যায়।’
‘মূল অপারেশন হয়েছে এক ঘণ্টা— অপারেশন শেষে আমরা ভেতরে ঢুকে দেখতে পাই ৩ জন জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে একজনের চেহারা তামিম চৌধুরীর যে ছবি আমাদের কাছে রয়েছে, তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এতে স্পষ্ট সে তামিম চৌধুরীই হবে।’