চট্টগ্রামের আনোয়ারায় ডাই অ্যামোনিয়াম ফসফেট সার কারখানায় নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা ছিল না— ত্রুটি ছিল বিস্ফোরিত হওয়া ওই গ্যাস ট্যাংকে। সার কারখানায় দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সদস্যরা এমন কথাই জানিয়েছেন।
এ দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তদন্ত কমিটির রিপোর্টে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তারা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতে চট্টগ্রামের আনোয়ারায় সিইউএফএল সংলগ্ন ডাই অ্যামোনিয়া ফসফেট সার কারখানায় গ্যাসের ট্যাংক বিস্ফোরিত হয়ে আশপাশের ১০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস।
এর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে অর্ধশতাধিক মানুষ। দুর্ঘটনার কয়েকদিনের মধ্যে মরে যায় অনেক জলজ প্রাণী ও গবাদি পশু। পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে দেখা যায়।
এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শিগগিরই এসব কমিটি প্রতিবেদন জমা দিবে। কমিটির সদস্যরা বলছেন, প্রাথমিকভাবে গ্যাসের ট্যাংকে ত্রুটি ছিল বলে মনে করছেন তারা।
এদিকে, কারখানায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়টিও ওঠে এসেছে তদন্তে। এছাড়াও ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে।
আগামী ২/৩ দিনের মধ্যেই দুই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিবে বলে জানা গেছে।