ব্যবসায়-বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ এ কথা বলেন তিনি।
পণ্যের চাহিদা বিশ্লেষণ করে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সবরকমের সুযোগ-সুবিধা দেয়ার জন্য কাজ করে যাচ্ছে সরকার, তাই আপনারা নতুন নতুন বাজার খুঁজে বেড়ান। কোন দেশে কোন পণ্যের চাহিদা সেটা বিশ্লেষণ করে বাজার তৈরি করুন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। কিন্তু বাজার খোঁজার উদ্যোগটা আপনাদের নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দাটা যদি না হতো, আমাদের রপ্তানির টাকার অংকটা আরো বেশি দেখাতে পারতাম তারপরও রপ্তানিতে যা আয় হচ্ছে সেটা বড় কথা।
শেখ হাসিনা বলেন, খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে খাদ্য ক্রয় করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হতো এখন তা হয় না।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় আসার পর আবারও দেশ পিছিয়ে যায়— ৭ বছর পর আমরা আবারও ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করি। ২০০৯ সালে বিশ্বব্যাপী মন্দা ছিলো। প্রতিটি ক্ষেত্রে ভয়ভীতি কাজ করতো। সব দূর করে আমরা মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মরফুহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ বছরের জন্য সর্বমোট ১১৩টি জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ বিতরণ করা হয়, যার মধ্যে ৫২টি স্বর্ণ, ৩৭ রুপা, ২৪ ব্রোঞ্জ ট্রফি রয়েছে।