বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে— বাংলাদেশের এই অভিযাত্রায় সঙ্গী হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত- জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দর্শণার্থী বইয়ে তিনি এসব কথা লেখেন।
জন কেরি বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন শেষে পরিদর্শন বইতে মন্তব্য কলামে লিখেন, কাপুরুষিত সন্ত্রাসীরা এক মেধাবী ও সাহসী নেতৃত্বকে বাংলাদেশের জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু বাংলাদেশ আজ তার কন্যার বলিষ্ট নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের বন্ধু হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় সমর্থক। আমরা শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করা জন্য অধির আগ্রহে অপেক্ষায় আছি।
প্রথমবারের মতো বাংলাদেশে এসে প্রথমেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শনে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার ছেলে ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক ববি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।
এরপর জন কেরি জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের স্মৃতি বিজড়িত জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন। বঙ্গবন্ধুকে উল্লেখ করেন বাংলাদেশে মানুষের অসাধারণ এক সাহসী নেতা হিসেবে। তিনি লেখেন, বঙ্গবন্ধুর দেখানো পথে তারই কন্যার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে বাংলাদেশের অভিযাত্রায় সঙ্গী হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।
প্রায় ৩০ মিনিটের মতো সেখানে অবস্থান করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।