পুলিশের অভিযানে নব্য জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির প্রধান তামিম নিহত হলেও এখনো তারা সক্রিয় রয়েছে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের-ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত জঙ্গিবাদ রোধে করণীয় শীর্ষক এক আলোচনায় এ কথা জানান তিনি।
দেশে জঙ্গি সংগঠনগুলো প্রায় নির্মূল হয়ে পড়েছিল— কিন্তু আইএসের উত্থানের পর বিশ্বে জঙ্গিবাদের পুনরুত্থান ঘটে এর ফলে বাংলাদেশেও জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলামের মতো গুটিকয় জঙ্গি সংগঠন সক্রিয় হয়ে ওঠেছে বলে জানান তিনি।
তামিম চৌধুরী নিহত হলেও নতুন নেতৃত্বে জঙ্গিদের আবারো সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি।
রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা প্রসঙ্গে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ নাকচ করে তিনি বলেন, পুলিশের কাছে তথ্য ছিল হামলা হবে, কিন্তু কোথায় হামলা হবে এ ধরনের কোনো তথ্য ছিলো না।
ডিএমপি মিডিয়া সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন-ক্র্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি যৌথভাবে "জঙ্গিবাদ রোধে করণীয়" শীর্ষক এক মতেবিনিময় সভার আয়োজন করে। এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে মূল আলোচক পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জঙ্গিবাদের উত্থান নিয়ে আলোচনা করেন।
এরআগে ডিএমপি কমিশনার তার বক্তব্যে, সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
মনিরুল ইসলাম বলেন, জঙ্গি সংগঠনটির প্রধান নিহত হলেও নব্য জেএমবি আবারো সক্রিয় হতে পারে।
জঙ্গিবাদ প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ক সংবাদ পরিবেশনে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।