পাঁচটি মেট্রোরেল রুট, বিআরটির রুট ২টি, ঢাকার চারপাশ ঘিরে থাকবে সড়ক ও নৌপথ আর থাকবে উড়াল সড়কও বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে সচিবালয়ে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বা রিএসটিপির বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।
রাজধানীকে যানজটমুক্ত করে বিশ্বের আধুনিক শহরগুলোর আদলে ঢাকাকে নতুন করে গড়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০ বছরের মধ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
নির্দিষ্ট রুটে নির্দিষ্ট রঙের বাস।– একেক রুটের জন্য একেক রঙের টিকেট, যাত্রী থাকুক বা না-ই থাকুক, নির্দিষ্ট সময় পর পর নিজ গন্তব্যে ছেড়ে যাবে বাস। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত থাকবে-বিআরটির এ সেবা বলে জানান তিনি।
পাশাপাশি চলবে মেট্রোরেল— সড়কের ওপরে নির্মাণ করা হবে কোনোটি, কোনোটি আবার ওপর দিয়ে, আবার কোনোটি চলবে মাটির নিচ দিয়ে। আর রাজধানীর চারদিকে বৃত্তাকারে থাকবে রেল ও নৌপথ। বিশ্বের বিভিন্ন দেশের জনবহুল শহরগুলোর মতো ভেতরে না ঢুকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বিঘ্নে চলাচল করা যাবে। থাকবে উড়াল সড়কও। স্বপ্ন নয়, এমন পরিকল্পনাই করা হচ্ছে রাজধানীর যাতায়াত ব্যবস্থাকে ঘিরে বলেন, সেতু মন্ত্রণালয়ের সচিব এম এন ছিদ্দিক।
৪০০ বছরের ঐহিত্যবাহী ঢাকা শহরকে ঢেলে সাজাতে চায় সরকার। আর এজন্য প্রতিটি সেক্টর ধরে ধরে এগোচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।
সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আরএসটিপির বিস্তারিত তুলে ধরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিভিন্ন মেয়াদে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এর আগে ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসটিপি প্রণয়ন করার পর দীর্ঘ এক যুগেও তার কাজ শুরু করতে পারেনি সরকার। এবার ওই উদ্যোগে সংশোধনী এনে ২০১৫ থেকে ২০৩৫ সাল পর্যন্ত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।