মালয়েশিয়ার বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশি শ্রমবাজার আগামী এক সপ্তাহের মধ্যে উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বৃহস্পতিবার রাজধানীতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানে 'প্রবাসবন্ধু কল সেন্টার' উদ্বোধনের পর এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, এই কল সেন্টারের মাধ্যমে প্রবাসী শ্রমিকরা সরাসরি তাদের অভিযোগ, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমস্যাসহ নানা বিষয়ে কথা বলতে পারবেন।
দেশে থাকা তাদের স্বজনরাও এই সুযোগ-সুবিধা নিতে পারবেন বলে জানান তিনি।
প্রাথমিকভাবে সৌদি আরব, মালয়েশিয়া ও জর্ডানে বসবাসরত প্রায় ২৫ লাখ বাংলাদেশি শ্রমিক এ সেবা গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যসব দেশেও এই সেবা চালু করা হবে।
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, তাদের ভোগান্তি দূর করতে এই কল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এক সপ্তাহের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ পর্যন্ত প্রায় এক কোটির মতো বাংলাদেশি শ্রমিক মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই প্রায় সময়ই পাসপোর্ট থেকে শুরু করে মৃতদেহ পরিবহন ও দাফন, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, আইনগত তথ্য ও সেবাসহ নানা সমস্যার মুখোমুখি হয়ে থাকেন।
এই সকল সমস্যা দূর করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে চালু করা হয়েছে 'প্রবাসবন্ধু কল সেন্টার'।