জঙ্গিবাদ দমনে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে আগামী প্রজন্ম যেন জঙ্গিবাদে জড়িয়ে বিপথে না যায় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় ‘সীমান্ত ব্যাংক লিমিটিড’ এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকাণ্ডে জড়িয়ে গেছে তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
এ সময় সীমান্তরক্ষী বাহিনীর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, যে সময় যে দায়িত্বই দেয়া হয়েছে এ বাহিনী তার ওপর অর্পিত সব দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরো আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, বিজিবি সদস্যদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া সীমান্ত ব্যাংকের মাধ্যমে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের কর্মসংস্থান ও জনকল্যাণ সম্ভব হবে।
এর আগে প্রথম গ্রাহক হিসেবে ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ এ অ্যাকাউন্ট খুলে পিলখানার বিজিবি সদর দপ্তরে ব্যাংকের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, বিজিবির পরিচালনায় চালু হওয়া ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ এ বছর ৬টি ও আগামী ৩ বছরে ২০টি শাখা খোলা হবে। এতে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের কর্মসংস্থান, বিজিবি’র বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্য, মুক্তিযোদ্ধাসহ সকলের কল্যাণের লক্ষ্যে ব্যবহৃত হবে।