রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতাকারীদের উদ্দেশ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে পত্রিকায় শিরোনাম হতে পারেন কিন্তু জনগণের সমর্থন আপনারা কোনোদিন পাবেন না।
তিনি বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র আমরা করছি এবং করব— রামপাল হবে, জঙ্গি দমন হবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই ২০১৯ সালে নির্বাচনও হবে।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন। আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের বিরোধিতা করলে কোনো অসুবিধা নাই— আমাদের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা করলে কোনো অসুবিধা নাই, ভুল-ত্রুটি ধরে দিলেও কোনো অসুবিধা নাই— আমরা সরকারে আছি।
আর সরকারে থাকলে ভুল-ত্রুটি হতেই পারে, অস্বাভাবিক কিছু না— কিন্তু জঙ্গিদের সমর্থন করা তাদের আশ্রয় দেয়া, মদদ দেয়া এটা মহা অন্যায়, মহাপাপ বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আর বলেন, যারা আজকে জঙ্গিদের সমর্থন করছেন, সেই খালেদা জিয়ার দলকে আহ্বান জানাব-এই পথ থেকে সরে আসুন— এটা কোনো পথ নয়। দেশকে ধ্বংস করার জন্য আপনি তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। এর জবাব বাংলার মানুষ আপনাদের ২০১৯ সালে ইনশাআল্লাহ দেবে।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করার কঠোর সমালোচনা করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত নেতা মীর কাসেম আলীর ফাঁসির কার্যকরের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জামাতের ধনকুবের মীর কাসেম আলী তার ধনসম্পদ দিয়ে এই বিচারকে বানচাল করার বহু চেষ্টা করেছিল। আন্তর্জাতিক পর্যায়ে লবিস্ট নিয়োগ করেছিল। আশার কথা হলো, ছয় জন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তারও ফাঁসি হয়েছে।
তিনি বলেন, আমরা যারা মুক্তিযোদ্ধা, এই বিচারের প্রত্যাশী। একাত্তরের ঘাতকদের বিচার একটা চলমান প্রক্রিয়া। বিচারের পক্ষে আছি এবং থাকব। যত বাধা আসুক আমাদের কণ্ঠে সব সময় সাধারণ মানুষের কথা অনুরণিত হবে।
সংগঠনের উপদেষ্টা মোজাফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র বাসস।