রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় বুধবার রিকশাচালকসহ এক আরোহি মারা গেছেন।
নিহত দুজন হলেন- নুরজাহান বেগম (৪৫) ও রিকশা চালক খোকন মিয়া (৪০)।
আহত ফাতেমা বেগমকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিল পুলিশের পরিদর্শক (ট্রাফিক) মো. শাহজাহান জানান, সকাল সোয়া ৮টার দিকে রাজউক ভবনের সামনে ক্রসিংয়ে বিটিসিএলের একটি বাস গুলিস্তানের দিকে যাওয়ার সময় রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে রিকশার আরোহী দুই নারী এবং চালক খোকন রাস্তায় ছিটকে পড়েন— এ সময় পেছনে আসা বাসটি নুরজাহানকে চাপা দেয়।
পরিদর্শক শাহজাহান বলেন, বাসটির চালক দৌঁড়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট তাকে ধরে ফেলেন— পরে তাকে মতিঝিল থানায় পাঠানো হয়েছে।
আহত তিন জনকে একটি টেম্পোতে করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা প্রথমে নুরজাহানকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় খোকনেরও মৃত্যুট হয় বলে ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান।
পরিদর্শক শাহজাহান জানান, রিকশার আরোহী দুই নারীর সঙ্গে খাবারের টিফিন বাটি ছিল ধারনা করা হচ্ছে তারা কোনো প্রতিষ্ঠানে চাকরি করতেন।