বিএনপি-জামাত জোটের অবহেলায় দেশে সাক্ষরতার হার কমলেও সরকারের উদ্যোগে বর্তমানে দেশে ৭১% সাক্ষরতা অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সকলে মিলে উদ্যোগ নিলে শতভাগ স্বাক্ষরতা অর্জন করা সম্ভব— আগামী প্রজন্ম যেন হাত পেতে নয়, মাথা উঁচু করে চলতে পারে সেভাবে শিক্ষা দিতে শিক্ষকদের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সরকারের সঠিক পদক্ষেপের ফলেই অশিক্ষার অন্ধকার থেকে জাতি আজ আলোর পথে যাত্রা শুরু করেছে।
বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার প্রায় ৯৮ ভাগে উন্নীত করা সম্ভব হয়েছে— উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ঝরে পরার হার শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার।
এসময় নীতি ও মূল্যবোধের চর্চা শিখিয়ে দেশের প্রতি শিশুকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন শেখ হাসিনা।
শুধু সরকারের একার পক্ষে দেশকে নিরক্ষরমুক্ত করা সম্ভব নয়—মন্তব্য করে প্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।
লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় উৎসাহী হতে শিক্ষার্থীদের এগিয়ে আসার কথাও বলেন শেখ হাসিনা।