ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে জঙ্গি শমসের বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক সহকারি অধ্যাপক মো. সোহেল মাহমুদ। এছাড়া তার ডান হাতে বোমা বিস্ফোরণের চিহ্ন পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রোববার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ওই যুবকের লাশের ময়নাতদন্ত হয়।
পরে পুলিশের পক্ষ থেকে জঙ্গি আবদুল করিমের আসল পরিচয় নিশ্চিত করা হয়। জাতীয় পরিচয় পত্রের তথ্যানুযায়ী তার নাম শমসের হোসেন। বাবার নাম মোসলেহ উদ্দিন। বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়।
তবে আহত নারীদের মধ্যে মিরপুরে নিহত মেজন মুরাদের স্ত্রী থাকার কথা জানালেও বিষয়টি এখনো নিশ্চিত করেননি তারা। আহত তিন নারী জঙ্গি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আর আহত পাঁচ পুলিশ সদস্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
বাড়ি মালিকের ছেলে পারভেজ জানিয়েছেন, কেয়ারটেকার মোবারক মূলত বাড়ি ভাড়া দিয়েছে। বাড়ি ভাড়ার যে তথ্য দেয়া হয়েছে তাতে শমসের নাম উল্লেখ আছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আজিমপুরে বিজিবি ২ নম্বর গেটে জঙ্গি আস্তানায় পুলিশ অভিযান চালায়। এতে ঘটনাস্থল থেকে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় তিন জঙ্গি নারী সদস্য ও তিন শিশুকে উদ্ধার করে পুলিশ। পুলিশ দাবি করে মৃত জঙ্গির সাংগঠনিক নাম আবদুল করিম। সে নিজেই অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে।