প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন।
সোমবার নিউইয়র্কের হোটেল মিলিয়েনিয়ামের রিভারভিউ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি জয়ের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এই পুরস্কারটি দিয়েছে।
এর আগে, সজিব ওয়াজেদ জয় প্রথম বাংলাদেশি হয়ে আইটি বিশেষজ্ঞ হিসেবে ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে 'ইয়াং গ্লোবাল লিডার' অ্যাওয়ার্ড লাভ করেন। নিজ সমাজ ও পেশার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতি বছর বিশ্বে ২৫০ জন তরুণ নেতৃত্বকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।