মধ্যবর্তী নয় নির্বাচন কখন হবে তা নির্ভর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার রাজধানী ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভাশেষে শেষে এ কথা বলেন তিনি।
বিষয়টি নতুন নয় সংবিধানেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জনপ্রিয়তা থাকলে বিএনপিকে নির্বাচনে আসারও আহ্বান জানান তিনি— একইসঙ্গে বিএনপিকে গণতান্ত্রিক পথে থাকারও কথা বলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে বিষয়টি প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে।
বিএনপির রাজনৈতিক কৌশল অগণতান্ত্রিক মন্তব্য করে তিনি বলেন, জনপ্রিয়তা যাচাই করতে হলে দলটিকে নির্বাচনে আসতে হবে।
জঙ্গি দমন আওয়ামী লীগের একার দায়িত্ব না উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, এদেশ সন্ত্রাসী রাষ্ট্র হলে কেউই নিরাপদ থাকবে না।
সভায় সিদ্ধান্ত হয়, কানাডা ও জাতিসংঘ সফরে নানামুখি অর্জনের জন্য প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন আগামী ২৬ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে সংবর্ধনা দেয়া হবে।
আগামী ২৮ সেপ্টেম্বর দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে দলের কর্মসূচি ঠিক করতে সকালে ধানমন্ডি কার্যালয়ে বৈঠকে বসে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
সিদ্ধান্ত হয়, সেদিন সকালে গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হবে। আর বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হবে আলোচনা সভা। বৈঠকের বিস্তারিত তুলে ধরে সংবাদ ব্রিফিং করেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।