সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা মোকাবেলায় বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ভাষণে তিনি এ কথা বলেন।
বাংলায় দেয়া ভাষণে নারী শিক্ষা ও ক্ষমতায়নসহ তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জিরো টলারেন্স নীতির মাধ্যমে বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবেলায় সফল হয়েছে।
এছাড়াও সন্ত্রাসবাদ দমনে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলো দ্বারা প্রভাবিত হয়ে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিদের দমনে সফল হয়েছে বাংলাদেশ।
সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তা মোকাবেলায় বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
এ সময় বিশ্বের বেশ কিছু স্থানে এখনো সহিংসতা-সংঘাত অব্যাহত রয়েছে উল্লেখ করে তা বন্ধ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সব দেশকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
নারী শিক্ষা প্রসারে ও ক্ষমতায়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের অনেকগুলো উন্নয়ন-অর্জনকে হুমকির মুখোমুখি করছে জানিয়ে ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তিটি অনুসমর্থনে সব দেশের প্রতি আহ্বান জানান তিনি।
পরে জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি-মুনের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা।