দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে অংশগ্রহণকে সফল ও ফলপ্রসূ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অধিবেশনে বাংলাদেশের এজেন্ডাগুলো জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাধারণ অধিবেশনের পাশাপাশি এ সফরে তার বিভিন্ন বৈঠক ও বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়েও বিস্তারিত তুলে ধরে শেখ হাসিনা বলেন, শরণার্থী সংকটসহ বৈশ্বিক কয়েকটি কারণে এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এতে অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে এখন সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যার কারণে কোনো মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। মধ্যবর্তী নির্বাচন ও আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলের মধ্যে কোনো সম্পর্ক নেই।
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান সম্পর্কে বিএনপির বিরোধিতা নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তাদের প্রবণতাই হচ্ছে প্রতিটি কাজের বিরোধিতা করা।
তিনি আরো বলেন, পলাতক যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এ বিষয়ে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে।
এছাড়াও জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কানের মূল নকশা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনে এনে দেশে ফিরে তা বাস্তবায়নে কাজ শুরু করবেন বলেও জানান প্রধানমন্ত্রী।