মালয়েশিয়া ফেরত আকাশ গুলশানের হামলায় জড়িত কি না সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
শনিবার দুপুরে বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এদিকে, আকাশ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত নয় সে নির্দোষ বলে দাবি করেছেন তার স্বজনরা।
তারা বলছেন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয় আকাশ।
আইএসসহ বিভিন্ন জঙ্গি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ১৯ আগস্ট মালয়েশিয়ায় গ্রেপ্তার পিয়ার আহমেদ আকাশকে গত ২ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরত পাঠায় দেশটির সরকার।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস-এর সঙ্গে জড়িত অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তারের পর ফেরত পাঠানো বাংলাদেশির নাম পিয়ার আহমেদ আকাশ। এখন তিনি ফেনী কারাগারে। ফেনীতে সক্রিয় ছিলেন জামাতের ছাত্র সংগঠন শিবিরের সঙ্গে। একদশক আগে চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্রচালান আটকের পর সেখান থেকে খোয়া যাওয়া একটি একে-৪৭ রাইফেল বিক্রির সময় ধরা পড়েন আকাশ।
পরে জামিন পেয়ে দেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় যান— এমন তথ্য পুলিশের। আর মালয়েশিয়া থাকতেও আকাশ সন্ত্রাসী হামলার পরিকল্পনা আঁটছিলেন এমনটা বলছে মালয়েশীয় কর্তৃপক্ষও।
মালয়েশিয়ার কুয়ালামপুরে বসে বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী পিয়ার আহমেদ আকাশ শিবির কর্মী। এক দশক আগে চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র থেকে খোয়া যাওয়া একে-৪৭ রাইফেল বিক্রির সময় ফেনীতে ধরা পরেছিলেন। ফেনী পুলিশ শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
এরপর জামিন পেয়ে মালয়েশিয়া পালিয়ে যান তিনি। অস্ত্র মামলায় হুলিয়া থাকায় এই শিবির কর্মীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট নোটিশও জারি ছিল।
দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের আকাশ জামাত পরিচালিত একটি স্কুল থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। তার ভগ্নিপতি আবু ইউসুফ ফেনী জেলা জামাতের সাবেক নায়েবে আমির। তার মাধ্যমেই তিনি শিবিরের সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ গত ১৯ আগস্ট, সন্ত্রাসবাদে জড়িত সন্দেহে আকাশসহ চার বিদেশিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পুলিশ মহাপরিদর্শক খালিদ আবু বকর জানান, গ্রেপ্তারের পর ২ সেপ্টেম্বর আকাশকে দেশে পাঠানো হয়েছে।
আকাশই যে ইন্টারপোলের রেড অ্যালার্টের পিয়ার আহমেদ আকাশ সে তথ্য নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশও। ঢাকায় আসার পর গোয়েন্দা পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয়। ৪ সেপ্টেম্বর ফেনীর জজ আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।
মালয়শিয়া পুলিশ আরো বলছে, একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের জন্য অস্ত্র পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত আন্দালিব আহমেদ নামে আরেক সন্দেহভাজনের সঙ্গে সাক্ষাতও করেছিলেন আকাশ।