প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর আনন্দ আয়োজন করবে শেখ হাসিনা ৭০তম জন্মদিন উদযাপন কমিটি।
সোমবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুস।
তিনি বলেন, সংস্কৃতিমনা শেখ হাসিনার জন্মদিন উদযাপনে বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সঙ্গীত, স্বরচিত কবিতা পাঠ, একক অভিনয়, নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরে রামেন্দু মজুমদার বলেন, এদেশের সংস্কৃতিকে ধরে রাখতে শেখ হাসিনার অবদান অপরিসীম। সংস্কৃতিকর্মীদের সব দাবির সঙ্গে সব সময়ই একাত্ম ছিলেন।
এ সময় নাসিরউদ্দীন ইউসুফ বলেন, ৭৫'র পর পথহারা বাংলাদেশ মূলত শেখ হাসিনার আপ্রাণ চেষ্টাতেই মুক্তিযুদ্ধের চেতনার পথে ফিরে এসেছে।
এদিকে, ২০১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানের শুভ সূচনা করবেন ইমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।