সঠিক তথ্য প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানি বা নিগৃহিত হননি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, যেসব সাংবাদিক অভিযুক্ত হয়ে কারাগারা গিয়েছেন তারা রাজনৈতিক দুর্ষ্কমের জন্য শাস্তি পেয়েছেন।
আগামী কাল- বুধবার ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি তথ্য অধিকার আইন কাজে লাগিয়ে অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের কর্মসূচি জানাতে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়।
এতে তথ্য অধিকার আইন খণ্ডিত তথ্য প্রকাশ ও মিথ্যাচার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
বিগত দিনে রাজনৈতিক দুষ্কর্মের বাইরে কোনো সাংবাদিককে হয়রানি করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি দেশের আইন, এ ধারা সাংবাদিকের মাথার ওপরে নেই।
মন্ত্রী আরো বলেন, গণমাধ্যমে তথ্য প্রকাশের জন্য নয় অন্য অপরাধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তথ্য কমিশনের কার্যক্রম তুলে ধরে প্রধান তথ্য কমিশনার জানান, গত ৫ বছরে প্রায় এক লাখ মানুষ আইন মেনে তথ্য চেয়েছেন এর মধ্যে পেয়েছেন ৯৬ দশমিক ১০ শতাংশ।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তজার্তিক তথ্য অধিকার দিবসের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।