বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহের মরদেহ বুধবার বিকেলে ঢাকায় পৌঁছেছে।
গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরে র্যাফেলস হার্ট সেন্টারে মঙ্গলবার ভোর ৫টা ৩৭ মিনিটে তিনি মারা যান। হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ খবর জানান।
গত ১১ সেপ্টেম্বর উন্নত চিৎসার জন্য হান্নান শাহকে সিঙ্গাপুর নেয়া হয় বলে জানান শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান।
দুই ছেলে ও এক মেয়ের জনক হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে সংসদ সদস্যের পদগ্রহণ করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এর আগে ৬ সেপ্টেম্বর হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হলে হান্নান শাহকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
এদিকে, হান্নান শাহর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।