যারা নির্বাচনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে তারাই জঙ্গিবাদের মূল মদদদাতা তাদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
এছাড়া সঙ্কটের সময় সাহসী ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান।
এ সময় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।
সব্যসাচী কবি ও লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে জন্মদিনের আয়োজন সংক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়াশিংটনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় তার জন্মদিনে কেক কাটার আনুষ্ঠানিকতাও বাতিল করেন প্রধানমন্ত্রী।
পরে এই দিন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, দেশ ছাড়ার আগে হাসপাতালে আমি সৈয়দ শামসুল হকের সঙ্গে দেখা করতে যাই। তখন আমার মনেই হয়নি তিনি চলে যাবেন।
সৈয়দ হকের মনের জোর ছিলো ভীষণ বলেন প্রধানমন্ত্রী। ২০২০ সালে জাতির পিতার জন্ম-শতবার্ষিকী উদযাপনে আওয়ামী লীগ তথা সরকারের যে উদ্যোগ তার উদ্বোধন এই সব্যসাচী কবিকে দিয়েই করার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর।