কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুলাংশে এ খাতের উন্নয়নের ওপর নির্ভরশীল—এ অভিমত ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় কনভেনশন ও আন্তর্জাতিক কৃষি কনফারেন্সে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি আরো বলেন, কৃষির সঙ্গে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, জীবন যাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় প্রত্যক্ষভাবে জড়িত।
অর্থনীতির পাশাপাশি কৃষিকে কেন্দ্র করেই বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, নববর্ষ বরণ, নবান্ন উৎসব, পৌষ সংক্রান্তি ও পৌষ পার্বনসহ বিভিন্ন অনুষ্ঠান কৃষিকে ঘিরেই হয়ে থাকে।
রাষ্ট্রপতি এ সময় কৃষি খাতের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
কৃষকরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে যেন খাপ খেয়ে ফসল উৎপাদন করতে পারেন সেজন্য কৃষি তথ্যপ্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষতা অর্জনের ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানীদের প্রতি আহবানও জানান তিনি।
বিশ্বায়নের সঙ্গে তাল মিলাতে কৃষির বহুমুখীকরণ ও কার্যকর বিপণন ব্যবস্থার ওপরও জোর দেন রাষ্ট্রপতি।
দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ আগামীতে বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াবে উল্লেখ করে রাষ্ট্রপতি, প্রতিকূল জলবায়ু সহনশীল শস্যের জাত উদ্ভাবন করতে কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ ও কৃষিসম্প্রসারণ কর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান।
খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষি উৎপাদনকে স্থায়ী ও টেকসই করার ওপরও গুরুত্ব দেন তিনি।
আন্তর্জাতিক এই কনভেনশনের মাধ্যমে বিভিন্ন সুপারিশমালা আগামীতে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।