গ্যাসের দাম বাড়ানোর সব হিসাব-নিকাশ প্রায় চূড়ান্ত করে এনেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)—প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাকসুদুল হক।
কমিশন সূত্র অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড যদি সম্পূরক শুল্ক এবং ভ্যাট ছাড় দেয় তাহলে দাম বাড়তে পারে ৫% এরও কম। যদি তা না হলে গ্যাসের দাম ৩০% এর উপরে বাড়তে পারে।
এ বছর আগস্টের মাঝামাঝি গণশুনানির পর গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে এনেছে বিইআরসি। প্রতিষ্ঠানটির মূল্যায়ন কমিটির হিসেবে ৬৫% দাম বাড়ানোর প্রস্তাবের পক্ষে যথেষ্ট যুক্তি তুলে ধরতে পারেনি পেট্রোবাংলা। তাই দাম ততোটা বাড়ছে না।
তবে দাম কতোটা বাড়ছে তা নির্ভর করছে এনবিআরের উপর।
আর বিইআরসির হিসেবে এনবিআর যদি সম্পুরক শুল্ক এবং ভ্যাট বাবদ ৫৫% নিয়ে নেয় তাহলে দাম বাড়াতে হবে ৩০% এর বেশি। যদি ছাড় দেয় তাহলে দাম না বাড়ালেও গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কোনো লোকসান হবে না। তবে সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।
জানা গেছে, প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত দেবেন এনবিআর সম্পুরক শুল্ক এবং ভ্যাট বাবদ পেট্রোবাংলার কাছ থেকে ৫৫% নেবে কি-না? তিনি সিদ্ধান্ত দিলেই বিইআরসি গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
উল্লেখ্য, পেট্রোবাংলা প্রথমে গ্যাসের দাম ৯০% বাড়ানোর জন্য বিইআরসিতে আবেদন করেছিল। পরে শুনানির সময় তা কমিয়ে ৬৫% বাড়ানোর প্রস্তাব দিয়েছে তারা।